২৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৬:২২
ইসরায়েলি দখলদাররা পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা/মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে দেওয়ার পর আগুন দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে সাররা ও তাল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত আবু বকর আস-সিদ্দিক মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। 



বার্তা সংস্থা এপি জানিয়েছে, মুসল্লিরা ভোরে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের প্রবেশদ্বারে ধোঁয়া ও আগুনের চিহ্ন দেখতে পান। ওই মসজিদের পাশের বাসিন্দা মুনির রামদান বলেন, দরজা খুলেই আমি স্তম্ভিত হয়ে যাই। সেখানে আগুন জ্বলছিল, কাচ ও দরজা ভাঙা ছিল। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্ট নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। এরপর কিছুক্ষণ পর তারা সেখান থেকে দৌড়ে পালাচ্ছে, জানান মুনির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই মসজিদের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং ‘প্রতিশোধ’ ও ‘প্রাইস ট্যাগ’ শব্দগুলো লিখে রেখে যায় হামলাকারীরা। 

গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১ হাজার ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে এসব নিহতের ঘটনা ঘটেছে। 

এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর পশ্চিম তীরে মোট ৪৫টি মসজিদে হামলা হয়েছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha