২৮ জুন ২০২৬ - ০৮:১৬
যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের দুই দফা হামলায় ইরানের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৭ জুন উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব’ তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েক দিনে চালানো মার্কিন হামলার মতো যেকোনো অজুহাতে শত্রুপক্ষ সম্ভাব্য আগ্রাসন চালালে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।আইআরজিসি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থি। এর ফলে চলমান সব প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমুজ প্রণালি এবং এর আশপাশের একাধিক স্থানে হামলা চালিয়েছে। হামলার একটি ভিডিওও প্রকাশ করেছে সেন্টকম। এতে হামলার কিছু অস্পষ্ট দৃশ্য দেখা যায়।

অন্যদিকে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র সর্বশেষ দফার হামলায় তাদের পাঁচটি উপকূলীয় অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

সেন্টকম জানিয়েছে, ইরানে চালানো হামলায় দেশটির সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুতকেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha