আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন যুক্তরাষ্টেরে স্থানীয় সময় গতকাল রোববার সাপ্তাহিক ছুটি শেষে নিউজার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প ইরানকে উল্লেখ করে ঘোষণা দেয়, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে।’
এর এক দিন আগে ট্রাম্প জানিয়েছিল, হরমুজ প্রণালি খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছার আশায় ‘আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা’ বাতিল করেছে।
এদিকে ট্রাম্প সোমবার আলোচনায় বসার কথা বললেও কোথায় এ আলোচনা হবে বা কারা তাতে অংশ নেবে, সেসব কিছুই বলেনি। একটি চুক্তিতে আসতে ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নেও সরাসরি কোনো জবাব দিতে রাজি হয়নি ট্রাম্প।
এদিকে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের মধ্যে বৈঠকেরও কোনো সময়সূচি নির্ধারিত হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ীও ট্রাম্পের ‘আলোচনা শুরু’র ঘোষণার বিষয়টি নাকচ করে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না।
বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েই আলোচনা হচ্ছে। ওমানের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ নেই। যুক্তরাষ্ট্র-সম্পর্কিত বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নে পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে।’
সূত্র: ওয়াশিংটনপোস্ট
Your Comment