আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের চলমান অপরাধ ও লাগাতার ভয়াবহ চুক্তি লঙ্ঘনের কারণে গাজার যুদ্ধবিরতি চুক্তি এখন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
হামাস আরও বলেছে, ইসরায়েলি হামলার মাত্রা বৃদ্ধি প্রমাণ করে যে, দখলদার এই সরকার আবারও গণহত্যামূলক নৃশংস যুদ্ধে ফিরে যেতে চায়। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে মধ্যস্থতাকারী ও গ্যারান্টিদাতা দেশগুলোর প্রচেষ্টা এবং দেওয়া প্রতিশ্রুতির প্রতিও কোনো গুরুত্ব দিচ্ছে না।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্য প্রমাণ করে যে, তেলআবিব যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।
অন্যদিকে, ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন খান ইউনিসের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলার একটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে সরাসরি বোমা হামলা করা হয়। এতে কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায় এবং বহু মানুষ আহত হন।
এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি পুলিশ সদস্যদের ওপর ইসরায়েলি বিমান হামলায় তিনজন শহীদ হয়েছেন। একই এলাকায় আল-মাসলাখের কাছে সাধারণ ফিলিস্তিনিদের ওপর আরেক হামলায় একজন শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
Your Comment