১৪ জুন ২০২৬ - ০৮:৫০
ফিফার দাওয়াত পেয়েও মার্কিন ও কানাডার ভিসা পায়নি ফিলিস্তিন ফুটবল প্রধান

বিশ্বকাপের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব দাবি করেন বিষয়টি ‘হাস্যকর’ এবং এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। তবে দুই দেশের ভিসা না পেলেও বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আয়োজক এ দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় তিনি যেতে পেরেছেন। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এএফপিকে টেলিফোনে রাজৌব বলেন, আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।

বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে তিনি বলেন, কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।

গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের অধীন থাকা ক্লাবগুলোর খেলা চালানো নিয়ে ফিফার কাছে নিষেধাজ্ঞা চেয়েছিল ফিলিস্তিন। কিন্তু ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।

Tags

Your Comment

You are replying to: .
captcha