আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শনিবার ট্রাম্প নিশ্চিত করেছিল যে, সে ইরানের বিরুদ্ধে একটি পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করতে সম্মত হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করে, একটি চুক্তির রূপরেখা বা সীমার মধ্যে পৌঁছানোর পর তেহরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো হামলা বন্ধের অনুরোধ জানায়।
যদিও ট্রাম্প এর আগে দাবি করেছিল- মার্কিন সামরিক বাহিনী যেকোনো সময় আক্রমণের জন্য 'পুরোপুরি প্রস্তুত' ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ক্ষমতার ব্যবহার দেখা যায়নি, তবুও শেষ পর্যন্ত ওয়াশিংটনকে পিছু হাটতে হয়েছে।
মার্কিন আগ্রাসনের জবাবে ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেকোনো হামলার উপযুক্ত ও ভয়াবহ জবাব দেওয়া হবে। শনিবার এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে জানান, "মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ কিংবা এতে অন্য কোনো দেশের সাহায্য- ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর ও আনুপাতিক জবাবের মুখোমুখি হবে।"
একই সাথে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি কড়া বার্তা দিয়ে বলেন, "আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। যেকোনো স্থান থেকেই হামলা চালানো হোক না কেন, শত্রুর সব ঘাঁটি এবং আক্রমণের উৎসস্থলে আঘাত হানা হবে।"
Your Comment