২৪ এপ্রিল ২০২৬ - ০০:৫৬
যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন বহু ভারতীয়!

ওয়াশিংটন ভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ও ইউগভের যৌথ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে এবং একটি বড় অংশ দেশটি ছাড়ার কথা ভাবছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): একসময় যুক্তরাষ্ট্র ছিল অনেক ভারতীয় নাগরিকের চূড়ান্ত স্বপ্নের গন্তব্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ‘আমেরিকান ড্রিম’ এখন অনেকের কাছেই ম্লান হয়ে আসছে।



ওয়াশিংটনভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ও ইউগভের যৌথ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে এবং একটি বড় অংশ দেশটি ছাড়ার কথা ভাবছে।

জরিপে এক হাজার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার চিন্তা করছেন। এর মধ্যে ১৪ শতাংশ নিয়মিতভাবে এবং ২৬ শতাংশ মাঝেমধ্যে দেশ ছাড়ার বিষয়টি ভাবেন।

জরিপে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রধান কারণ হিসেবে ৫৮ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক পরিস্থিতির প্রতি অসন্তোষ উল্লেখ করেছেন। পাশাপাশি ৫৪ শতাংশ জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং ৪১ শতাংশ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। তবে তাদের মধ্যে অনেকে দেশটির বর্তমান রাজনৈতিক পরিবেশ ও নীতিগত অবস্থান নিয়ে অসন্তুষ্ট। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসন, অভিবাসননীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ৭১ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক বৈষম্য, কর্মক্ষেত্রে চাপ এবং অনলাইনে অস্বস্তিকর পরিবেশও এই প্রবণতা বাড়াচ্ছে। পাশাপাশি নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো শহরে উচ্চ জীবনযাত্রার ব্যয় মধ্যবিত্ত অভিবাসীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসকে কঠিন করে তুলছে।

অন্যদিকে কঠোর অভিবাসননীতি, দীর্ঘ ভিসা জট ও গ্রিন কার্ড পাওয়ার অনিশ্চয়তা অনেক ভারতীয় পেশাজীবীর মধ্যে হতাশা তৈরি করছে। ফলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়ছে।

সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতা মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা ক্রমেই বাড়ছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha