আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসমায়িল বাকায়ি জোর দিয়ে বলেছেন, ইরান প্রতিপক্ষের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে অনুসরণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সুইজারল্যান্ড বৈঠক মূলত প্রতিপক্ষের অঙ্গীকার বাস্তবায়নের দাবির ওপর কেন্দ্রিভূত।
যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের ধারাগুলোর বাস্তবায়ন তদারকি বৈঠকে অংশ নিতে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে সুইজারল্যান্ড সফররত ইসমায়িল বাকায়ি রোববার এক্স-এ লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিপক্ষের অঙ্গিকার বাস্তবায়নের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্ব ও কঠোরতার সঙ্গে পর্যবেক্ষণ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আজকের সুইজারল্যান্ড বৈঠক ১৭ জুনের যুদ্ধ সমাপ্তি স্মারকের ধারাগুলোর বাস্তবায়ন অনুসরণের জন্য অনুষ্ঠিত হচ্ছে। স্মারকের ১৩ নম্বর ধারা অনুযায়ী, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু করা নির্ভর করছে ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়নের ওপর। এসব ধারা, বিশেষ করে ১ নম্বর ধারা (লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি) কার্যকর না হলে চূড়ান্ত চুক্তির আলোচনায় প্রবেশ সম্ভব নয়।
বাকায়ি বলেন, আজকের সুইজারল্যান্ডের আলোচনা ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলোর বাস্তবায়ন, বিশেষ করে ১ নম্বর ধারা, ১০ নম্বর ধারা (ইরানের তেল রপ্তানি) এবং ১১ নম্বর ধারা (ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তকরণ) কার্যকর করার জন্য গৃহীত ব্যবস্থাগুলোর পর্যালোচনার ওপর কেন্দ্রিভূত থাকবে।
মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধি দল, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে।
Your Comment