১৬ জুলাই ২০২৬ - ১৮:২৭
পশ্চিম তীরে ইসরায়েলি নতুন বসতি নির্মাণ পরিকল্পনা পুরো অঞ্চলটি গ্রাসের ষড়যন্ত্র

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ১২ হাজার নতুন বসতি ইউনিট নির্মাণের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়ে একে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সংযুক্ত (অ্যানেক্স) করার প্রকল্পের অংশ এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারিত্বমূলক নীতি জোরদারের পদক্ষেপ বলে অভিহিত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাস এক বিবৃতিতে বলেছে যে, ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রিসভার উত্তর পশ্চিম তীরের বসতি পরিষদের সঙ্গে ১২ হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণ এবং বসতিগুলোর অবকাঠামো উন্নয়নে ৮ বিলিয়ন শেকেল বরাদ্দের সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূখণ্ডকে আরও ইহুদিকরণ এবং অধিকতর দখল করার লক্ষ্যে গৃহীত একটি “অপরাধমূলক ও বিপজ্জনক” পদক্ষেপ।

হামাস জোর দিয়ে বলেছে, এ বিষয়ে ফিলিস্তিনি সব রাজনৈতিক দল ও প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা প্রতিরোধের পথকে আরও শক্তিশালী করা এবং ইসরায়েলি মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে সব ধরনের প্রতিরোধমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। আন্দোলনটি আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের অবিচল অবস্থান এবং প্রতিরোধের ধারাবাহিকতার মাধ্যমে এই পরিকল্পনা ব্যর্থ হবে।

হামাস পশ্চিম তীর ও আল-কুদসের (জেরুজালেম) ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শুধু মৌখিক নিন্দায় সীমাবদ্ধ না থেকে ইসরায়েলকে বসতি নির্মাণ নীতি বন্ধ করতে বাধ্য করার এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha