৪ মে ২০২৬ - ২০:২৬
গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজার লাশ

ইসরায়েলের দুই বছরব্যাপী ভয়াবহ আগ্রাসনের ক্ষত বয়ে বেড়াচ্ছে গাজা উপত্যকা। উপত্যকা জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার ফিলিস্তিনি নাগরিকের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজা উপত্যকা জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮ হাজার ফিলিস্তিনি নাগরিকের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের গতি এতটাই ধীর যে, এই প্রক্রিয়া শেষ করতে আরও অন্তত সাত বছরসময় লেগে যেতে পারে।



ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একজন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র এক শতাংশ এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তারা জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে বিশাল এই ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। ফলে শত শত পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় দিন গুনছে।

গত অক্টোবর মাসে একটি 'যুদ্ধবিরতি' চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েল প্রতিদিন তা লঙ্ঘন করে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় আরও ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, দুই বছরের এই দীর্ঘ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৭২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ ধারণা করছে, বিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha